নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বাসভাড়া নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ চিরকালই। তার কারণ হিসেবে অবশ্যই বেসরকারি বাসগুলোর যথেচ্ছ ভাড়া নেওয়া। এই নিয়ে একগুচ্ছ অভিযোগও জমা হয় পরিবহণ দফতরের কাছে। তবে বাস মালিকরাও থেমে নেই। জ্বালানির মূল্য বৃদ্ধির কারনে বাস ভাড়া বাড়ানোর দাবিতে তারাও একাধিক বার পথে নেমেছে। তবে এখনই বাস ভাড়া বাড়ানোর কথা চিন্তা করছে না সরকার। সোমবার বিধানসভায় এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
এদিন বিধানসভা থেকে বেরিয়ে পরিবহণ মন্ত্রী জানান, “সাধারণ মানুষের কথা ভেবে মু্খ্যমন্ত্রী এখনই বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে না।” সঙ্গে তিনি জাতীয় সড়কে অটো ও টোটোর অবাধ চলাচলে রাশ টানার কথাও জানালেন। বললেন, ‘সমস্ত মিউনসিপ্যালিটি, কর্পোরেশন ও পঞ্চায়েত সমিতিকে নির্দেশিকা পাঠানো হচ্ছে। তাতে বলা হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বসে অটো, টোটোর মতো যানগুলিকে নির্দিষ্ট এলাকার মধ্যে বাঁধতে। যাতে এরা জাতীয় ও রাজ্য সড়ক অর্থাৎ বাস রাস্তা থেকে সরে যায়। ফলে উভয়রই সুবিধা হবে। নতুন বাস চালানো সম্ভর হবে।’
বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহণমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যে মিশ্র অর্থনীতি রয়েছে। এখানে সরকারি বা বেসরকারি উদ্যোগ দুটোই চলে। সরকারি উদ্যোগে আমাদের সরকার সাধারণ মানুষের জন্য সাবসিটি দিয়ে ক্ষতি হলেও বাস ভাড়া কম করে রেখেছে। বেসরকারি উদ্যোগ সে কিছু লাভ করতে চায়, ফলে তারা বাস ভাড়া নিজেরা নির্ধারণ করা উচিত বলে মনে করে।’
তবে বাসভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়ে পরিবহণ মন্ত্রী বলেন, ‘‘জোরজুলুম করে ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ যদি আমাদের কাছে আসে তা হলে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। সাধারণ মানুষের উপর আর্থিক চাপ আমরা কোনও ভাবেই সহ্য করব না।’’




