নিজস্ব প্রতিনিধি, কলকাতা- লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে এবার ‘ফাঁপরে’ ইডি। এই কোম্পানির অফিসের কম্পিউটারে ১৬ টি ফাইল ডাউনলোড করেছে ইডি, এমন অভিযোগ তুলে অভিযোগ দায়ের করা হয়। এবার এই মামলায় ওই ডাউনলোড করা ১৬ টি ফাইল দেখতে চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার অভিষেকের করা নিয়োগ দূর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডাউনলোড করা ১৬ টি ফাইল আদালতে জমা দেওয়ার কথা বলেন।
শুক্রবার বিচারপতি আরও বলেন, এই মামলায় আগেই তো ইসিআর বাতিলের আবেদন করা হয়েছিল। তা সত্ত্বেও নতুন করে আবার কেন মামলা করার আবেদন করা হয়েছে? একই মামলা হাইকোর্টের দুটি বেঞ্চে চলবে এমনটা কী করে হয়? এই বক্তব্যের পরেই ১৬টি ফাইল দেখতে চাইলেন বিচারপতি। তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ইস্যু শেষ করতে চাই।’ আজ এই মামলার ফের শুনানি রয়েছে।
প্রসঙ্গত, গত ২১ অগস্ট লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির অফিসে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে বেশকিছু নথি এবং একটি মোবাইল ও একটি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে ইডি। এরপর একটি বিবৃতি জারি করা হয় ইডির তরফে। সেখানে অভিষেক বন্দোপাধ্যায়ের নাম সরাসরি যুক্ত করা হয়।
এরপর প্রাথমিক নিয়োগ দূর্নীতি মামলায় শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ইডির থেকে জানতে চায় কেন অভিষেককে আর সমন জারি করা হচ্ছে না। তারা কি ভয় পাচ্ছে? কেন আর কোনো অগ্রগতি হচ্ছে না। একই রিপোর্ট কেন দিচ্ছে ইডি। এরপর বৃহস্পতিবারই অভিষেক হাইকোর্টে মামলা করেন। এই ক্ষেত্রে অভিষেকের আইনজীবীর দাবি, ইডির আবেদন খারিজের দাবিতে করা মামলা এখনও বিচারাধীন। রায়দানও স্থগিত রয়েছে। তা সত্ত্বেও ইডি এই মামলায় একই ভাবে তৎপরতা দেখাচ্ছে। এটা কি আদৌ যুক্তি যুক্ত? অবশ্য অভিষেকের ফের মামলা করার পর একাধিক মহলে প্রশ্ন উঠেছে। তাদের মতে, বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের পর ইডির তৎপরতা দেখানোর আগে ভাগে বাঁচতে এই মামলা করেছেন অভিষেক।




