নিজস্ব প্রতিনিধি , স্টকহোম – বড়ই জটিল বিশ্ব রাজনীতি। একদিকে যখন চীন-রাশিয়ার সাক্ষাৎ ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে গোটা বিশ্বে , ঠিক সেখানেই শুরু আবার নতুন বিতর্ক। মাত্র ২৪ ঘণ্টা আগেই রাশিয়া, বেলারুশ সহ ইরানকে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু আজব বিষয় , সেই ২৪ ঘণ্টা কাটতেই আমূল বদলে গেল পরিস্থিতি। আমন্ত্রণ দিয়েও তা প্রত্যাহার করে নিল নোবেল ফাউন্ডেশন। অর্থাৎ সোজা কথায় , আসন্ন নোবেল পুরস্কার অনুষ্ঠান থেকে বাদ রাশিয়া, বেলারুশ সহ ইরান। তবে এই ঘটনাকে কোনোভাবেই আমল দিচ্ছে রাশিয়া।
এদিকে এই সংবাদ প্রকাশিত হতেই নোবেল ফাউন্ডেশনের নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। এই সিদ্ধান্তকে ‘মানবতাবাদের জয়’ বলে অ্যাখ্যা দিয়েছে কিয়েভ। এপ্রসঙ্গে ইউক্রেনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো জানিয়েছেন, ‘ আমাদের মতে, রাশিয়া এবং বেলারুশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোর বিষয়ে অসলোরও একই ধরণের সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা মানুষের জীবন নিয়ে খেলতে ভালোবাসে তাদেরকে গোটা দুনিয়া থেকে বহিস্কার করা উচিৎ’।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত রাশিয়ার তরফ থেকে ককোনো বিবৃতি জারি করা হয়নি। এদিন রাশিয়া, বেলারুশ এবং ইরানের আমন্ত্রণ প্রত্যাহার করেছে সুইডেনের নোবেল ফাউন্ডেশন। কিন্তু ঠিক উল্টো পথে হেঁটেছে অসলোর নরওয়েইয়ান নোবেল ইনস্টিটিউট। বরং তারা রাশিয়া, বেলারুশ এবং ইরানকে সদরে আমন্ত্রণ জানিয়েছে। তবে এই গোটা ঘটনার পিছনে কলকাঠি নাড়ছে আমেরিকা , এমনটাই অভিযোগ করছে ইরান।




