নিজস্ব প্রতিনিধি, কলকাতা- নামে মাত্র বর্ষাকাল। নেই বৃষ্টির দেখা। কোথাও কোথাও ছিটেফোঁটার দেখা মিললেও বেশির ভাগ জায়গাতেই বৃষ্টির আকাল দেখা দিয়েছে। তবে এবার খানিকটা হলেও স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গের মানুষদের। সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তর বঙ্গে এখনই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানা গেছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগণা , পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর, হাওড়া , হুগলী, কলকাতা , পুরুলিয়া , ঝাড়গ্রাম , বাঁকুড়া , বীরভূম , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান , নদীয়া এইসব জেলায়। ইতিমধ্যেই এই কয়েকটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
অপরদিকে উত্তর বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এই বিষয়ে আবহাওয়া দফতরের অধিকারিক গণেশ কুমার দাশ বলেছেন, “আজ কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কাল থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে বিশেষ করে রবিবার এবং সোমবার হোয়াইট স্প্রেড বৃষ্টি এবং কিছু কিছু জেলায় নর্থ সাউথ ২৪ পরগণা, দুই মেদিনীপুর ও হাওড়ার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সাউথ বেঙ্গলের সমস্ত জেলায় শনিবার রবিবার সোমবার বৃষ্টি হবে এবং নর্থ বেঙ্গলে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”




