নিজস্ব প্রতিনিধি, কলকাতা- গত জুলাই মাসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ। এবার এই মামলায় আগাম জামিন পেলেন তিনি। সোমবার বিচারপতি চিত্ত রঞ্জন দাস ও পার্থ সারথি ডিভিশন বেঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শর্তসাপেক্ষ জামিন পান।
সূত্রের খবর, সোমবার ধর্ষণ মামলার শুনানিতে বিচারপতি চিত্ত রঞ্জন দাস ও পার্থ সারথির ডিভিশন বেঞ্চ নওশাদকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। সঙ্গে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। নির্দেশ হয়েছে, সপ্তাহে দুবার হাজিরা দিতে হবে নওশাদকে। এছাড়াও তদন্তকারী অফিসারদের যথাযথ সাহায্য করতে হবে।
প্রসঙ্গত, জুলাইয়ের প্রথম সপ্তাহে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন এক যুবতী। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে বউবাজার থানার পুলিশ। সেই মামলার ভিত্তিতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন ভাঙড়ের বিধায়কের। বিধায়কের দাবি ছিল, ইচ্ছাকৃতভাবে এই মামলা করা হয়েছে। মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি আইএসএফের পক্ষ থেকেও দাবি করা হয় নওশাদ নির্দোষ।
তবে এই বিতর্ক এখানেই থামেনি। অভিযোগকারীনি ওই যুবতীর পরিচয় নিয়েও বেশ জলঘোলা হয়। আইএসএফের তরফে দাবি করা হয়, ডোমকলের বাসিন্দা ওই তরুণী শহর তৃণমূলের সাধারণ সম্পাদিকা পদে ছিলেন। তৃণমূলের একাধিক কর্মসূচিতে তাঁকে উপস্থিত থাকতে তাঁকে দেখা গিয়েছে। তাই তৃণমূলের সঙ্গে যোগ সাজোশ করে নওশাদকে হেনস্থা করা হচ্ছে। সেই মামলাতেই আগাম জামিন পেলেন নওশাদ।




