নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান- উপাচার্য ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। দুপক্ষই তাদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই আবহেই নতুন উপাচার্য পেল বর্ধমান বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র এবং অধ্যাপক গৌতম চন্দ্রই এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন। নতুন উপাচার্য পেয়ে খুশির হাওয়া বিশ্ববিদ্যালয় চত্বরে।
সূত্রের খবর, রবিবার রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যপাল সিভি আনন্দ। সেই তালিকায় ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নাম। সেই মতো রবিবার রাতেই গৌতম চন্দ্রকে নিয়োগ পত্র পাঠিয়ে দেওয়া হয়। এরপর সোমবার দুপুর ১টা ৪৫মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ে পা রাখেন গৌতম চন্দ্র। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরী এবং সকল অধ্যাপক অধ্যাপিকারা নতুন উপাচার্যকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেন।
উপাচার্যের চেয়ারে বসার পর গৌতম চন্দ্র বলেন, “বর্ধমান বিশ্ববিদ্যালয় আমার পরিবার। আমি এখানকার প্রাক্তন ছাত্রও বটে। বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের পড়ানো থেকে শুরু করে গবেষণা দীর্ঘ ৩৮ বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। আমি আশা করব বিশ্ববিদ্যালয়ের সকল আধিকারিক এবং অধ্যাপক অধ্যাপিকারা সকলে একসঙ্গে মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সকলেই কাজ করবেন।”
পাশাপাশি তিনি বলেন, “বর্ধমান বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব সবাইকে একসঙ্গে নিয়ে সমাধান করব। আলোচনা করে সকলের মতামত নিয়ে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ, সার্বিক উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সুবিধা সমস্ত বিষয়ের উপর নজর দেওয়া হবে।”




