নিজস্ব প্রতিনিধি, নদীয়া- নদীকে ঘিরে বহু মানুষের জীবন জীবিকা চলে। এবার সেই নদী ঘিরেই আতঙ্ক ছড়াল নদীয়ায়। কুমিরের আতঙ্কে রীতিমত ত্রস্ত তীরবর্তী এলাকার মানুষ থেকে শুরু করে মৎস্যজীবীরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট সহ ভাগীরথী নদীর। কয়েকদিন ধরে এখানে কুমিরের উপদ্রব বেড়েছে বলে খবর। সব মিলিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে বেশকিছু মৎস্যজীবীর দল মাছ ধরার উদ্দেশ্যে নদীতে নামে। এরপর মাছ ধরার জন্য জাল ফেললে একটি কুমির দেখতে পান তারা। এর কিছুক্ষণ পর আবারো একটি কুমির দেখতে পাওয়া যায়। এরপরে আতঙ্কে নৌকা ফিরিয়ে নদীর পাড়ে চলে আসেন মৎস্যজীবীরা। খবর ছড়াতেই আতঙ্ক সৃষ্টি হয় জেলে সহ ওই নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে।ইতিমধ্যেই স্থানীয়দের নদীতে নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে।
মৎসজীবীদের দাবি, এদিন বেশ বড়ো আকারের কুমির দেখতে পাওয়া যায় নদীর এই এলাকায়। একটি নয়, এক সঙ্গে তিনটি কুমিরের দেখা মিলেছে। যার মধ্যে একটি কুমির ৬ থেকে ৭ ফুট লম্বা। কুমিরটি দেখার পরেই ব্যাপক আতঙ্কে রয়েছেন মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয়রা। নদীতে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন মৎস্যজীবীরা।
এক মৎস্যজীবী জানান, আমি সকালে মাছ ধরার জন্য বেরিয়ে ছিলাম। সেই সময় একটি কুমির ভাসতে দেখি। তা দেখার পরেই আতঙ্কে পুনরায় ফিরে যাই। এরপর এলাকার মানুষদের সতর্ক করে দিয়েছি। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য কৃষ্ণপদ রায় জানান, “প্রচুর মৎস্যজীবীরা কুমির দেখেছেন। অনেক গ্রামবাসীও কুমির দেখেছেন। তবে আমি এখনও কুমির দেখতে পাইনি। স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করেছি। কুমির দেখার পর নিশ্চিত হয়ে আমি বিষয়টি বনদফতরকে জানাবো। তারা নিশ্চয় বিষয়টি দেখবেন।”




