জয়জীবন গোস্বামী, বাঁকুড়া :-
আবারো দামোদরের গর্ভে বালির তলা থেকে উঠে এলো ৩ টি বিশালাকার মর্টার শেল। সোমবার বাঁকুড়ার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি ফেরি ঘাট সংলগ্ন এলাকায় পে-লোডার দিয়ে বালি তোলার সময় বালির স্তরের মধ্যে থেকে শেলগুলি উঠে আসে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। ঘটনা জানাজানি হতে স্থানীয় নদী পাড়ের বাসিন্দারা ভিড় জমায় ।

বালি দিয়ে শেলগুলিকে চাপা দিয়ে দেওয়ার পাশাপাশি জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ। খবির দেওয়া হয় সেনাবাহিনীকেও। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের অনুমান শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন। বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর ও দামোদর নদে বালি উত্তোলনের সময় একাধিক বার মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে প্রত্যেকবারই উদ্ধার হয়েছে একটি বা দুটি শেল। এবার একসাথে ৩ টি মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটলো বাঁকুড়ার সোনামুখী থানার রাঙ্গামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে অনুমান শেলগুলির শক্ত লোহার খোলের মধ্যে বিস্ফোরক ঠাসা রয়েছে। দূর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আপাতত নদীর চরে বালি চাপা দিয়ে রাখা হয়েছে শেলগুলি। পাশাপাশি নদীগর্ভে ওই এলাকা ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশও।





